রবিবার ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে লটারির ফাঁদে সাধারণ মানুষ!

জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বুধবার, ০৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   258 বার পঠিত

গাজীপুরে লটারির ফাঁদে সাধারণ মানুষ!

গাজীপুরের শিমুলতলী এলাকায় বাণিজ্য মেলার আড়ালে লটারির প্রতারণা চলছে। প্রবেশমূল্যের নামে প্রতিটি দর্শনার্থীর কাছ থেকে টিকিটের মূল্য নেওয়া হচ্ছে ২০ টাকা। সেই টিকিট (লটারির কুপন) দিয়ে বড় পুরস্কারের লোভ দেখানো হলেও শেষ পর্যন্ত কেউই পাচ্ছেন না। ফলে খেটে খাওয়া সাধারণ মানুষ সবচেয়ে বেশি প্রতারিত হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, বাণিজ্য ও কুটির শিল্প মেলা নাম দেওয়া হলেও এটির মূল উদ্দেশ্য লটারি। প্রতিদিন শত শত অটোরিকশা দিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় লাখ লাখ লটারি বিক্রি করা হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। লটারি যারা পাচ্ছেন তারা মেলার কর্তৃপক্ষের সাজানো লোকজন। দিনমজুর, রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষ স্বল্প টাকার বিনিময়ে ভাগ্য ফেরানোর আশায় কুপন কিনলেও খালি হাতে বাড়িতে ফিরতে হচ্ছে তাদের।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, গাজীপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা বসানো হলেও সেটি ‘লটারি’ নামে পরিচিতি পেয়েছে। র‌্যাফেল ড্রয়ের নামে মোটরসাইকেল, স্বর্ণ, ল্যাপটপ, টিভি, ফ্রিজ ও ডিনারসেটসহ নানা রকম পুরস্কারের প্রলোভন দেখিয়ে বিক্রি হচ্ছে বিপুলসংখ্যক টিকিট। আর এসব টিকিট বিক্রির জন্য টার্গেট করা হয়েছে সাধারণ মানুষ। রিক্সাচালক ও দিনমজুর শ্রেণির লোকজন অনেকে র‌্যাফেল ড্রয়ে আসক্ত হয়ে পড়ছেন। এতে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা যায়, ২৭ আগস্ট বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পক্ষে একটি অবহিতকরণ চিঠি বিতরণ করা হয়। চিঠির বিষয়ে উল্লেখ করা হয়েছে- বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির নির্ধারিত ফাঁকা স্থানে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন প্রসঙ্গে। বেনারশী ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্বাধিকারী বাদল মিয়া ‘ক্ষুদ্র ও কুটির শিল্প’ মেলার আয়োজন করে।

এ মেলার বিষয়ে আপত্তি জানিয়ে ডুয়েট সচেতন শিক্ষার্থীদের পক্ষ থেকে গত ২১ সেপ্টেম্বর গাজীপুর জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে আর্মি ফার্মা মাঠে অনুষ্ঠিত মেলায় শিক্ষার্থীদের ভোগান্তি প্রসঙ্গে ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। আবেদনে কয়েকটি সমস্যার কথা তুলে ধরে চার দফা দাবি উপস্থাপন করা হয়।

স্থানীয়রা জানান, মহানগরীর শিমুলতলী এলাকায় সেনানিবাসের কাছে বিএমটিএফ লিমিটেড আর্মি ফার্মা ফ্যাক্টরির জন্য নির্ধারিত স্থানে আয়োজিত ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়। মেলাটি মূলত নামকাওয়াস্তে হলেও এর আড়ালে রয়েছে লটারি বাণিজ্য।

গাজীপুর প্রশাসনের কার্যালয় সূত্রে জানা যায়, মেলা পরিপত্র অনুযায়ী জেলা ও মহানগর এলাকায় এক মাসের জন্য মেলার অনুমতি দিতে পারেন জেলা প্রশাসক। কিন্তু এ মেলা আয়োজনের জন্য অনুমতির চেয়ে জেলা প্রশাসক বরাবর কোনো আবেদনই করেনি কর্তৃপক্ষ। তারা একটি অবহিতকরণ চিঠি দিয়েছে। চিঠি পাওয়ার পর অননুমোদিত মেলা বন্ধ করার জন্য আমরা মহানগর পুলিশকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছি। ওই মেলার বিষয়ে পার্শ্ববর্তী ডুয়েটের শিক্ষার্থীরাও আপত্তি জানিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, জেলা প্রশাসকের কাছে কেউ কোনো আবেদনই করেনি, তাই মেলা আয়োজনের অনুমতি দেওয়ার প্রশ্ন অবান্তর।

মেলা আয়োজকদের একজন মো. মাহমুদ দাবি করেন, আমরা জেলা প্রশাসক ও পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েছি। আরেক আয়োজক ববি দস্তগির কাছে মেলার অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি গাড়ি চালাচ্ছি পরে কথা বলি। পরে তাকে একাধিকবার কল দিলেও তিনি আর ফোন রিসিভ করেননি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, মেলার অনুমতির জন্য আমাদের কাছে কেউ আবেদন করেনি। তাই আমরা কোনো অনুমতি দেইনি।

Facebook Comments Box

Posted ১:৩৭ অপরাহ্ণ | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া