জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 94 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়ায় ক্ষেতের কচুরিপানা নদীতে ফেলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় স্রোতে ভেসে গিয়ে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ ১৯ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নের খিরাটি গ্রামের নায়েবের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।
নিহতরা হলেন, কাপাসিয়া উপজেলার খিরাটি গ্রামের আফিল উদ্দিনের স্ত্রী বিলকিস বেগম ও তার চাচাতো ভাতিজা রফিকুল ইসলামের স্ত্রী আফরোজা সুলতানা লিপি।
পুলিশ কর্মকর্তা বলেন, আজ সকালে খিরাটি গ্রামের লিপি আক্তার, বিলকিস বেগম, দীনা সুলতানা, সালমা বেগম ও কচি বেগম নারী বাড়ির পাশের ক্ষেতের উপর জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নেমেছিলেন। ক্ষেতের পাশ দিয়ে বয়ে যাওয়া বানার নদীতে কচুরিপানা নামিয়ে দেওয়ার সময় অসাবধানতাবশত তারা নদীর প্রবল স্রোতে ভেসে যান। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা লিপি আক্তার, দীনা সুলতানা, সালমা বেগম এবং কচি বেগমকে উদ্ধার করে পার্শ্ববর্তী নরসিংদী জেলার মনোহরদী মনোহরদী এলাকার একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। অপর আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। এঘটনার পর বিলকিস বেগম নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল খোঁজা খুঁজি করে নদী থেকে বিলকিস বেগমের মরদেহ উদ্ধার করে।
উপপরিদর্শক জাকির হোসেন আরো বলেন, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৩:২১ অপরাহ্ণ | রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah