নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২২ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 122 বার পঠিত
বগুড়ায় পরিবেশগত মৌলিক সমস্যা এবং এসব সমস্যা থেকে উত্তরণে প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে। আজ ২২ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের উপশহরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। যৌথভাবে এর আয়োজন করে পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বগুড়া জেলা কার্যালয়।
মেলায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক নিলুফা ইয়াসমিন, বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কাজী আশরাফুল ইসলাম, পরিবেশ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক মাহাথির বিন মোহাম্মদ, বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার, বাপা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, বগুড়াসহ দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষা এখন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে প্লাস্টিক ও একবার ব্যবহারযোগ্য পণ্য প্রকৃতি এবং মানবস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। পরিবেশ সংরক্ষণে বিকল্প উপকরণ ব্যবহারে জনগণকে আরও সচেতন হতে হবে। প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী মেলায় স্থানীয় উদ্যোক্তারা পাট, বাঁশ, কলাপাতা, মাটির তৈরি বিভিন্ন পরিবেশবান্ধব পণ্য প্রদর্শন করেন। দর্শনার্থীরা এসব বিকল্প পণ্যের প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন।
Posted ১:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২২ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah