জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
প্রতীকী ছবি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি থানাধীন আমবাগ এলাকায় ঝুট ব্যবসায়ীর বাসায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। পুলিশ বলে ২৪ অক্টোবর শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আমবাগ এলাকায় ঢালাই ফ্যাক্টরির পাশে শফিকুল ইসলাম শফির বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে ভাড়া থেকে ওই এলাকায় ঝুট ব্যবসা করেন আলতাফুর রহমান (৪৫)। দুপুরে তিনি বাসায় স্ত্রী ও মেয়েকে রেখে জুমার নামাজ আদায় করতে মসজিদে যান। এসময় তিনজন ব্যক্তি ঘরের দরজায় ধাক্কা দিয়ে ব্যাংকের লোনের বিষয়ে কথা বলতে এসেছে বলে ডাকাডাকি করে। এসময় আলতাফুর রহমানের স্ত্রী দরজা খুলে দেয়। এক পর্যায়ে ওই তিন দুর্বৃত্ত ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করে আলতাফুর রহমানের স্ত্রী ও মেয়ের হাত পা মুখ বেঁধে ফেলে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে বাসায় থাকা ১০ ভরির স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যায়। পরে আলতাফুর রহমান বাসায় এসে বিষয়টি জানতে পারেন। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ৬ জন ডাকাত সদস্য ওই বাড়িতে হানা দেয় যাদের মধ্যে তিনজন নিচে পাহারা দিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, ডাকাত সদস্যরা ঘরের ভেতর ঢুকে ব্যবসায়ীর স্ত্রী ও মেয়ের হাত পা ও মুখ বেঁধে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা লুট করে নিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ব্যাপারে এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৫:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah