জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 177 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় পুলিশের হাত থেকে হাতকড়াসহ এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ৮ নভেম্বর শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া আনসার রোড এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তির নাম মনির হোসেন (৩৫)। তিনি ধনুয়া কাচারিপাড়া গ্রামের হজরত আলীর ছেলে এবং গাজীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) বাশারের নেতৃত্বে একটি পুলিশ দল ধনুয়া কাচারিপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগের আরেক নেতা আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়।
পরে তাকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার পথে ধনুয়া নয়নপুর সড়কের ধনুয়া মধ্যপাড়া এলাকায় পৌছামাত্রই মনির হোসেনের স্বজন ও সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মনিরকে পুনরায় গ্রেফতার এবং এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা শুরু করে।
শ্রীপুর মডেল থানার উপ পরিদর্শক এস আই আবুল বাশারের মুঠোফোনে হাতকড়া সহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে কল দিলে তিনি ফোন রিসিভ করে কিছুক্ষণ নিরব থেকে কোন উত্তর না দিয়ে ফোনটি কেটে দেন। পরবর্তীতে তাকে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক হাতকড়া সহ আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে গেছে।
Posted ১:১৪ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah