জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 182 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়ীতে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরো তিনজন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে কোনাবাড়ীর একটি প্রাইভেট হাসপাতালে পাঠানো হয়েছে। আজ ১৫ নভেম্বর শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল নাওজোড় হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম বকুল মিয়া (৩৫)। তিনি নীলফামারীর তলডোমর থানার বসু নিয়াপাড়া গ্রামের মৃত তারাজ উদ্দিনের ছেলে।
আহতরা হলেন- হাবিবা বেগম (৪০), সোনালী বেগম (২৪) এবং হাবিব (১৩)। তারা একই পরিবারের সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকুল মিয়া পরিবার নিয়ে গাজীপুর চৌরাস্তা থেকে সিএনজি যোগে কোনাবাড়ীর দিকে আসছিলেন। শনিবার ভোর ৫টার দিকে অজ্ঞাতনামা এক গাড়ির সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বকুল মিয়ার মৃত্যু হয়। আহত হন পরিবারের আরও তিন সদস্য।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. পাপন হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah