জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 257 বার পঠিত
গাজীপুরে ভূমি অফিসের অসাধু কর্মকর্তাসহ জাল খতিয়ান ও দলিল সৃষ্টিকারী ভূমিদস্যুদের বিরুদ্ধে শাস্তি ও ন্যায় বিচার দাবি করে কাফনের কাপড় পরে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালন করছেন ভুক্তভোগীরা। আজ ২৪ নভেম্বর সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী ৪৮ পরিবারের সদস্যরা এ কর্মসূচি পালন করেন। পরে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি জেলা প্রশাসক কার্যালয়ে দায়ের করা হয়।
এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন-ভুক্তভোগী বানু বেগম, ইসমাইল হোসেন, উর্মি, এছাক, শায়লা, জামাল মিয়া।
ভুক্তভোগীদের অভিযোগ, গাজীপুরের কাশিমপুর গোবিন্দবাড়ি এলাকার ভুক্তভোগী ৪৮টি পরিবারের জমি স্থানীয় একটি ভূমিদস্যু চক্র জাল জালিয়াতির মাধ্যমে জবর দখল করছে। বিষয়টি নিয়ে কাশিমপুর ভূমি অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করলেও তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
বক্তারা অভিযোগ করে বলেন, গেল বছর তৎকালীন অতিরিক্ত জেলা প্রশাসক কায়সার খসরু ন্যায় বিচারের আশ্বাস দিলেও অদৃশ্য কারণে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ দায়ের করা অভিযোগের তদন্ত করেননি। অসাধু ভূমি কর্মকর্তারা নামজারি আবেদন দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে ভূমিদস্যু চক্রকে বেদখলের সুযোগ করে দিয়েছেন। এছাড়া অসাধু ভূমি কর্মকর্তাদের বাঁচাতে নথি গায়েব করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ভূমিদস্যু হযরত ও মান্নান গংদের যেসব কাগজপত্র জাল, অবৈধ ও অকার্যকর বলে চিহ্নিত করেছেন সেইসব কাগজপত্রকে টঙ্গী রাজস্ব সার্কেলের সার্ভেয়ার রফিকুল ইসলাম বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক মো. আলম হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Posted ১২:২৮ অপরাহ্ণ | সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah