জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 181 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের সালনার কাথোরা এলাকায় একটি ঝুট গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আউয়াল মিয়ার মালিকানাধীন একটি বাসাবাড়িতে অবস্থিত ঝুট গুদাম থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কয়েকটি টিনশেডের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হিরন মিয়া জানান, আগুনে ঝুট গুদামের মালামাল এবং কয়েকটি টিনশেডের বসতঘর পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah