জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 112 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে চলন্ত অবস্থায় ট্রেনের চাকার সঙ্গে যুক্ত একটি স্প্রিং খুলে যাওয়ায় ঢাকা–ময়মনসিংহ রুটের মহুয়া এক্সপ্রেস মাঝপথে থেমে গেছে। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও একাধিক ট্রেনের সময়সূচিতে মারাত্মক বিঘ্ন ঘটে এবং যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়।
আজ ২৫ জানুয়ারি রবিবার সকাল ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মধ্যবর্তী বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসটির শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ১০টা ১৭ মিনিট। তবে স্টেশনে পৌঁছানোর প্রায় দুই কিলোমিটার আগেই ট্রেনটি হঠাৎ থেমে যায়। পরে রেলওয়ের কর্মীরা রেললাইনের পাশে পড়ে থাকা ট্রেনের চাকার সঙ্গে যুক্ত খুলে যাওয়া স্প্রিংটি উদ্ধার করেন।
স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে আনা জিআই তার দিয়ে সাময়িকভাবে বেঁধে রাখা হয়। প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে আটকে থাকার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অত্যন্ত মন্থর গতিতে মহুয়া এক্সপ্রেসটি শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়।
ঘটনার কারণে মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। একই কারণে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। এতে অন্তত তিনটি ট্রেনের চলাচলে সময়সূচির বিঘ্ন ঘটে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম উদ্দিন জানান, তিনি ঘটনার বিষয়ে অবগত রয়েছেন এবং এ ঘটনায় তিনটি ট্রেনের সময়সূচি ব্যাহত হয়েছে।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah