জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 354 বার পঠিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় তাকওয়া পরিবহনের একটি মিনিবাসের চাপায় শিশুসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় মাওনা উড়াল সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাকওয়া পরিবহনের দুটি বাস ভাঙচুর করে এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। প্রায় ১৫ মিনিট সড়ক অবরোধ থাকার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে করে শিশুসহ তিনজন মাওনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির তাকওয়া পরিবহনের একটি মিনিবাস তাদের চাপা দেয়। এতে তিন বছর বয়সী শিশু রায়হান, ১৫ বছর বয়সী সৌরভ ও অজ্ঞাতপরিচয় আরও একজন গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অপর আহত ব্যক্তিকেও ঘটনার পরপরই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় দু’জনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একটি শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা সম্পর্কে স্বজনদের কাছ থেকে জানা যাবে।”
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আহতদের খোঁজখবর নেওয়া হয়েছে। ঘাতক বাস ও এর চালককে আটক করা হয়েছে। কিছু সময় সড়ক অবরোধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। আহত পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
Posted ৮:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah