জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 171 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতবাড়ির ৯টি কক্ষ ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় বাসিন্দাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
৪ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ বাজার এলাকায় রফিকুল ইসলামের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম জানান, রাত পৌনে ২টার দিকে হঠাৎ বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। ডাকচিৎকারে পরিবারের সদস্যরা ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন। মুহূর্তের মধ্যেই আগুন সব কক্ষে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নূরুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
Posted ২:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah