জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 296 বার পঠিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশে কলকারখানা বন্ধ রাখার নির্দেশনা থাকলেও গাজীপুরের শ্রীপুর থানা এলাকায় ইকো ফ্যাক্টরি নামের একটি প্রতিষ্ঠান নির্বাচনের দিনও খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের অধিকাংশ কলকারখানা সরকারি নির্দেশনা মেনে বন্ধ রাখা হলেও শ্রীপুরের ইকো ফ্যাক্টরিটি নির্বাচনের দিনও স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু রাখার পরিকল্পনা করেছে। এর ফলে ওই কারখানার শত শত শ্রমিক তাদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত শ্রমিকরা জানান, নির্বাচনের দিন ফ্যাক্টরি খোলা রাখা হলে তারা ভোট কেন্দ্রে যেতে পারবেন না। ভোট দেওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এই অধিকার থেকে তাদের বঞ্চিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শ্রমিকরা আরও অভিযোগ করেন, কর্তৃপক্ষ শ্রম আইন ও নির্বাচনি বিধিমালার কোনো তোয়াক্কা করছে না। তারা শুধু উৎপাদন ও মুনাফার কথা ভাবছে, শ্রমিকদের ন্যায্য অধিকারের কথা ভাবছে না।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এটি সুস্পষ্টভাবে শ্রমিকদের ভোটাধিকার হরণের অপচেষ্টা। নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের উচিত অবিলম্বে এ বিষয়ে হস্তক্ষেপ করা এবং ফ্যাক্টরি কর্তৃপক্ষকে নির্বাচনের দিন কারখানা বন্ধ রাখতে বাধ্য করা।
শ্রমিক নেতারা দাবি জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে শ্রীপুরের ইকো ফ্যাক্টরিসহ সকল কলকারখানা বন্ধ রেখে শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
এ বিষয়ে শ্রীপুর থানার উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন সকল কলকারখানা বন্ধ রাখা এবং শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করা বাধ্যতামূলক। এই আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।
Posted ১০:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah