সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 125 বার পঠিত
আগামী ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
র্যাব মহাপরিচালক বলেন, “২১ ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকির তথ্য আমাদের কাছে নেই। তারপরও আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত রয়েছে।”
তিনি জানান, শহীদ মিনারকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে ইনার ও আউটার প্যারিমিটারে ভাগ করে র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন সেক্টরে ফুট পেট্রোল, গাড়ি পেট্রোল ও স্ট্রাইকিং রিজার্ভ রাখা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হয়েছে।
র্যাব ডিজি বলেন, “শহীদ মিনার এলাকাটি বোমা বা বিস্ফোরক শনাক্তে সুইপিং করা হয়েছে। র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড স্ট্যান্ডবাই রয়েছে। পুরো এলাকাকে ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে।”
তিনি আরও জানান, ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপীও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
Posted ৮:৪৩ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah