জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 111 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে দাবিকৃত টাকা না পেয়ে ব্যক্তিমালিকানাধীন জমির স্থাপনা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে সফিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজিব আব্দুল জব্বারের বিরুদ্ধে।
ভুক্তভোগী জমির মালিক আবুল কাশেম অভিযোগ করেন, সফিপুর মৌজায় চারটি দলিলের মাধ্যমে প্রায় সাড়ে ৪৭ শতাংশ জমির মালিক হয়ে তিনি দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছেন। সম্প্রতি ভাড়া দেওয়ার উদ্দেশ্যে আড়াই শতাংশ জমির ওপর একটি টিনশেড দোকানঘর নির্মাণ করেন। গত ৯ ফেব্রুয়ারি বিকেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজিব আব্দুল জব্বার ঘটনাস্থলে গিয়ে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। কাশেম তাৎক্ষণিকভাবে পাঁচ হাজার টাকা দেন এবং পরদিন তহশিল অফিসে গিয়ে আরও পাঁচ হাজার টাকা দিয়ে বাকিটা দিতে অপারগতা জানান।
অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে ওই ভূমি কর্মকর্তা জমিটি সরকারি জমিতে অবৈধ স্থাপনা হিসেবে উল্লেখ করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার-কে অবহিত করেন। কোনো কাগজপত্র যাচাই বা শুনানির সুযোগ না দিয়েই গত ১৫ ফেব্রুয়ারি রাতে বুলডোজার দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেওয়া হয়।
ঘটনার সময় আবুল কাশেম ঢাকার একটি হাসপাতালে মেয়ের চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি মোবাইল ফোনে স্থাপনা না ভাঙার অনুরোধ জানান এবং পরদিন বৈধ কাগজপত্র প্রদর্শনের সুযোগ চেয়ে এসিল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন। তবুও তাঁর নির্মিত প্রায় ১০টি দোকানঘর ও মালামাল ভেঙে ফেলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, যে দাগের জমি অর্পিত সম্পত্তি হিসেবে দেখিয়ে স্থাপনা ভাঙা হয়েছে, তা নিয়ে এলাকায় বিতর্ক রয়েছে। পাশের অর্পিত জমিতে একটি স্পিনিং মিলস কর্তৃপক্ষ আদালতের রায়ে দখল পেয়ে সীমানা প্রাচীর নির্মাণ ও শিল্প স্থাপনা গড়ে তুলেছে।
ক্ষতিগ্রস্ত আবুল কাশেম বলেন, “আমার কাছ থেকে ১০ হাজার টাকা নেওয়ার পরও কোনো যাচাই ছাড়াই আমার ১০টি দোকানঘর ভেঙে দেওয়া হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, আগের ভূমি কর্মকর্তা তাজুল ইসলামও তাঁর জমিকে অর্পিত সম্পত্তি দাবি করে অন্য ব্যক্তির কাছে লিজ দিয়েছিলেন, যা পরে নিজেই বাতিল করেন।
অভিযোগ অস্বীকার করে সফিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজিব আব্দুল জব্বার বলেন, “জমিটি ‘ক’ তপশিলভুক্ত হওয়ায় এসিল্যান্ড স্যার ভাঙার নির্দেশ দিয়েছেন।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার বলেন, “কোনো ভূমি কর্মকর্তা টাকা চাওয়ার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি শুনেছি। জমি মাপজোক করে বুঝিয়ে দেওয়ার জন্য ভুক্তভোগীকে আমার দপ্তরে আবেদন করতে বলা হয়েছে।”
Posted ৪:১৭ অপরাহ্ণ | শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah