অনলাইন ডেস্ক | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 82 বার পঠিত
‘মাগো, ওরা বলে/ সবার কথা কেড়ে নেবে,/ তোমার কোলে শুয়ে/ গল্প শুনতে দেবে না…’—মায়ের ভাষায় কথা বলার আকুতিকে কবি এভাবেই মূর্ত করেছেন। বাংলার দামাল সন্তানের মুখ থেকে মাতৃভাষা কেড়ে নেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে তাই বুকের তাজা রক্ত দিয়ে অধিকার ছিনিয়ে এনেছিল ভাষাসৈনিকেরা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ভাষার দাবিতে তরুণদের রক্তে লাল হয়েছিল ঢাকার রাজপথ। আজ সেই আত্মত্যাগ স্মরণের দিন—মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের আত্মদান আজ বিশ্বজুড়ে ভাষাপ্রেম ও ভাষার অধিকারের প্রতীক হয়ে দাঁড়িয়েছে।
‘বাংলা’কে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব বাংলার ছাত্র-যুবসমাজ শাসকগোষ্ঠীর জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। আন্দোলনরত ছাত্র-জনতার ওপর পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিকসহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। মাতৃভাষা রক্ষার সেই ঐতিহাসিক আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হলো। অন্য বছরের মতো এবারও রাজধানী ঢাকাসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে আজ সাধারণ ছুটি। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনায় আজিমপুর কবরস্থানে ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন দুপুর ১২টায় কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছে। এছাড়া দেশের সব মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তার বাণীতে মহান একুশের চেতনাকে ধারণ করে বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক সম্মানবোধ জাগ্রত হওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। দীর্ঘ লড়াই-সংগ্রামের পথ পেরিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং এ অগ্রযাত্রা সুসংহত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বাঙালি জাতির কাছে দিনটি একদিকে গভীর শোক ও বেদনার, অন্যদিকে মাতৃভাষার অধিকার আদায়ে সর্বোচ্চ ত্যাগের গৌরবে উজ্জ্বল। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কোর স্বীকৃতির পর থেকে বিশ্বজুড়ে দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে। এ উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।
একুশে পদক
প্রতিবছর ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ভাষা ও সাহিত্য, শিল্পকলা, শিক্ষা, গবেষণা, সাংবাদিকতা ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য একুশে পদক দেওয়া হয়। এটি রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট সোনার পদক, একটি রেপ্লিকা, সম্মাননাপত্র ও চার লাখ টাকার চেক দেওয়া হয়।
তবে চলতি বছর নির্বাচন ও প্রশাসনিক পরিবর্তনসহ বিভিন্ন কারণে ফেব্রুয়ারিতে পদক প্রদান করা হয়নি। সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানিয়েছেন, ২৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর মাধ্যমে পদক প্রদান করার পরিকল্পনা রয়েছে।
শহীদ মিনারে শ্রদ্ধা ও নিরাপত্তা
কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নির্ধারিত রুট অনুসরণের আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পলাশী মোড় ও জগন্নাথ হল ক্রসিং হয়ে প্রবেশ এবং রমনা ক্রসিং, দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বের হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে এ রুট অনুসরণ করতে বলা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, অমর একুশের অনুষ্ঠান ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। পুলিশের পাশাপাশি সোয়াত, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ও ক্রাইম সিন ইউনিট প্রস্তুত রয়েছে। শহীদ মিনার এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরার নজরদারি এবং গোয়েন্দা ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। দর্শনার্থীদের কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা বিস্ফোরক না আনার অনুরোধ জানানো হয়েছে।
ট্রাফিক ব্যবস্থাপনায় শাহবাগ, নীলক্ষেত, শহীদুল্লাহ হল, হাইকোর্ট, চানখাঁরপুল, পলাশী ও বকশীবাজার ক্রসিংয়ে ডাইভারশন থাকবে বলে জানিয়েছে ডিএমপি ট্রাফিক বিভাগ।
Posted ৮:১৬ পূর্বাহ্ণ | শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah