সঞ্জীব ভট্টাচার্য্য : | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 66 বার পঠিত
২০২৫ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য ৭ লাখ ৫০ হাজার কর্মসংস্থান ভিসাসহ মোট ১৪ লাখ ভিসা ইস্যু করেছে সৌদি আরব সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) ড. খলিলুর রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া।
সাক্ষাতে রাষ্ট্রদূত দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবকে বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেন।
তিনি স্মরণ করেন, ১৯৭৬ সালে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস স্থাপনের মাধ্যমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর আমলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সূচনা হয়। ১৯৭৭ সালে জিয়ার ঐতিহাসিক সৌদি সফরের কথাও উল্লেখ করেন তিনি। মুসলিম ঐক্য প্রতিষ্ঠায় তার অবদানের কথাও উভয়পক্ষ স্মরণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সৌদি নেতৃত্বের ভূমিকায় প্রশংসা করেন। তিনি সৌদি আরবে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান এবং দুই দেশের ভূ-কৌশলগত অবস্থান কাজে লাগিয়ে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও অন্যান্য অগ্রাধিকার খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্ব দেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও স্মরণ করেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুরোধে ১৯৭৯ সালে প্রায় দুই লাখ রোহিঙ্গার প্রত্যাবাসনে সৌদি আরবের সহায়তার কথা। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য সৌদি আরবের মানবিক সহায়তার প্রশংসা করে তিনি মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনে সমর্থন কামনা করেন।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে বিস্তৃত অংশীদারিত্বে উন্নীত করতে একযোগে কাজ করার আগ্রহ জানান। তিনি বলেন, সৌদি আরবে চলমান ব্যাপক উন্নয়ন প্রকল্পে দক্ষ ও আধা-দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
এ ছাড়া রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম–এর সঙ্গেও সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী ক্রাউন প্রিন্সের নেতৃত্বে বাস্তবায়িত ‘ভিশন ২০৩০’–এর সংস্কার কর্মসূচির প্রশংসা করেন। উভয়পক্ষ পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah