রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সূর্যমুখী চাষে জাগছে নতুন সম্ভাবনা

ফরিদ আহমেদ,নবীনগর :   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   156 বার পঠিত

নবীনগরে সূর্যমুখী চাষে জাগছে নতুন সম্ভাবনা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় চলতি মৌসুমে প্রায় ২৫০ বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ হয়েছে। ভোজ্যতেলের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কৃষকদের বিকল্প লাভজনক ফসলের দিকে উৎসাহিত করতে সরকারের প্রণোদনা কর্মসূচি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ আবাদ সম্প্রসারণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সূর্যমুখী একটি সম্ভাবনাময় তেলবীজ ফসল। এর বীজে প্রায় ৪০ শতাংশ তেল থাকে। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে বিঘাপ্রতি ৪ থেকে ৫ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। সে হিসেবে প্রতি বিঘা জমি থেকে প্রায় ৮০ থেকে ৯০ লিটার তেল উৎপাদন করা যায়। কৃষি বিভাগ বলছে, ধানসহ প্রচলিত ফসলের পাশাপাশি সূর্যমুখী চাষ বাড়ানো গেলে কৃষকের আয় বাড়বে এবং দেশীয়ভাবে ভোজ্যতেল উৎপাদনও বাড়বে।
সরেজমিনে উপজেলার লাউরফতেহপুর, ইব্রাহিমপুর, বীরগাঁও ও নাটঘর ইউনিয়নের বিভিন্ন মাঠে ক্লাস্টার আকারে সূর্যমুখীর চাষ করতে দেখা গেছে। বিস্তীর্ণ জমিতে ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুলের দৃশ্য ইতিমধ্যে স্থানীয়দের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে বিকেলের দিকে এসব ক্ষেতে মানুষের ভিড় দেখা যায়। অনেকে ফুলের সৌন্দর্য উপভোগ করতে এবং ছবি তুলতে সেখানে আসছেন।
নবীনগর পৌরসভার দোলাবাড়ি এলাকার কৃষক আব্দুল মান্নান এ বছর কৃষি বিভাগের পরামর্শে প্রথমবারের মতো এক বিঘা জমিতে সূর্যমুখীর আবাদ করেছেন। তিনি বলেন, “ধানের বিকল্প হিসেবে এই ফসল চাষে আগ্রহী হয়েছি। গাছে এখন দানা গঠিত হচ্ছে। আশা করছি ভালো ফলন পাব।”
লাউরফতেহপুর ইউনিয়নের তরুণ কৃষি উদ্যোক্তা মাহমুদুল হাসান নবীনগর–মুরাদনগর সড়কের পাশে প্রায় তিন বিঘা জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। তিনি বলেন, “বছরের শুরুতেই উপসহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সূর্যমুখীর আবাদ করেছি। কৃষি বিভাগের পক্ষ থেকে বীজ ও পরামর্শসহ বিভিন্ন সহযোগিতা পেয়েছি। আশা করছি, এ জমি থেকে প্রায় ১০ মণ বীজ পাওয়া যাবে।”
সূর্যমুখী ক্ষেত দেখতে আসা দর্শনার্থীরাও এ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ইব্রাহিমপুর এলাকার বাসিন্দা রাকিব হাসান বলেন, “এত বড় সূর্যমুখীর ক্ষেত আগে দেখিনি। বিকেলে বন্ধুদের নিয়ে এখানে ঘুরতে এসে অনেক ভালো লাগছে। ছবিও তুলেছি।”
একইভাবে নবীনগর পৌর এলাকার বাসিন্দা সুমাইয়া আক্তার বলেন, “সোশ্যাল মিডিয়ায় ছবি দেখে এখানে এসেছি। কাছ থেকে ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। এমন দৃশ্য এলাকায় বেশি হলে মানুষ ঘুরতে আসবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন, সূর্যমুখীর তেলে ভিটামিন–ই ও স্বাস্থ্যকর অসম্পৃক্ত ফ্যাট বেশি থাকে। এটি রক্তের খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমাতে সহায়তা করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। তিনি আরও বলেন, উপজেলায় সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ে কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ ফসলের আবাদ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ৬:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া