সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট | 13 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় কাইয়ুম মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রাধিকা-নবীনগর সড়কের জুলাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাইয়ুম মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাইপাড়া গ্রামের মৃত মনজুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাইয়ুম মিয়া বাইশমোজা বাজার থেকে একটি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে জুলাইপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হন। তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের ভাতিজা উজ্জ্বল জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত কাইয়ুম মিয়াকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে গ্রামে রাখা হয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ৪:৩৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah