জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত
গাজীপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশের স্বাধীনতা, স্বচ্ছতা ও গ্রাহক স্বার্থ সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছেন ব্যাংকটির গ্রাহকরা।
মঙ্গলবার (২ জুন) সকালে গাজীপুর মহানগরের শিববাড়ী মোড়ে ইসলামী ব্যাংক গাজীপুর সদর শাখার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, গাজীপুর মহানগরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহক, শিক্ষাবিদ, পেশাজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক দীর্ঘদিন ধরে দেশের কোটি কোটি গ্রাহকের আস্থা অর্জন করে আসছে। কিন্তু সম্প্রতি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ ও প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, ব্যাংকের স্বকীয়তা ও স্থিতিশীলতা রক্ষা করা অত্যন্ত জরুরি। তারা ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান এবং রাজনৈতিক বা গোষ্ঠীগত প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান।
ডা. আমজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, মো. জালাল উদ্দিন, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান, মো. বেলাল হোসেন, অধ্যাপক শামসুজ্জামানসহ অনেকে।
গ্রাহকরা সতর্ক করে বলেন, ব্যাংকের ওপর যেকোনো ধরনের অযৌক্তিক হস্তক্ষেপ অব্যাহত থাকলে তারা আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবেন।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।
Posted ৫:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah