জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০৩ জুন ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে আজিজুল ইসলাম (৩৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত আজিজুল ইসলাম শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পারিবারিক একটি বিষয় নিয়ে আজিজুল ইসলাম ও তার ছোট ভাই ফাইজুলের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা হয়ে যায়। তবে এর কিছুক্ষণ পর পূর্ব শত্রুতার জেরে শামীম, জামাল উদ্দিন, হৃদয়, শাহীনসহ কয়েকজন আজিজুলের ওপর লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলাকারীরা তার মাথায় এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্চয় সাহা জানান, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে ভুক্তভোগীর মৃত্যুর পর মামলায় হত্যার ধারা সংযোজনের জন্য আদালতে আবেদন করা হবে। এদিকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শামীমকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Posted ৪:২২ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah