সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ০২ জুন ২০২৬ | প্রিন্ট | 18 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) সকালে টিয়ারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, টিয়ারা গ্রামের আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে কয়েকদিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
সোমবার রাতে স্থানীয় ইউপি সদস্য বাছির মিয়ার বাড়িতে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের সমর্থকরা দা, ছুরি, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে টিয়ারা বাজারে মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং তা সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থায়ী হয়।
সংঘর্ষের সময় বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আবুল হোসেনের পক্ষের আহমেদ হোসেন অভিযোগ করেন, আতিকুর রহমানের সমর্থকরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। প্রতিরোধের চেষ্টা করলে হামলাকারীরা বাজারের কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালায়।
তবে আতিকুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিপক্ষের লোকজনই প্রথমে তার ওপর হামলা চালায় এবং তাদের এক সমর্থককে হাতুড়ি দিয়ে গুরুতর আহত করে। তিনি দাবি করেন, তারা কেবল আত্মরক্ষার চেষ্টা করেছেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জানান, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “এলাকায় এখন শান্ত পরিবেশ বিরাজ করছে।”
Posted ১:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah