সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ ১৯ জুন শুক্রবার ভোরে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ভাগলপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানের সময় কয়েকজন চোরাকারবারী মাথায় বস্তা বহন করে ভারতের দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছিল। এ সময় বিজিবির টহল দল তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা বহনকৃত বস্তাগুলো ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১ হাজার ৮৫৬ পিস মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
জব্দ করা মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ বলেন, “ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে অব্যাহত রয়েছে।”
তিনি আরো বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
Posted ৩:৩৭ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah