জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৭ জুন ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে বাহিনীটি।
বুধবার (১৭ জুন) র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক শাহ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন— মো. রুমান ও মো. মহসীন।
র্যাব জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তারা জানতে পারে যে শ্রীপুর থানার সবুজবাগ এলাকার ফরেস্ট অফিসের পেছনে স্থানীয় খালেক গার্ডের বাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন কয়েকজন মাদক কারবারি। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় রুমান ও মহসীনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
র্যাবের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Posted ১:৪৫ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah