অনলাইন ডেস্ক | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 43 বার পঠিত
ফাইল ছবি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে একাকী কারাবন্দী না রাখার নির্দেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। একই সঙ্গে কারাগারের নিয়ম মেনে তাদের পরস্পরের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে বলা হয়েছে আদিয়ালা কারা কর্তৃপক্ষকে।
মঙ্গলবার বিচারপতি খাদিম হুসেইন সোমরো এ নির্দেশ দেন।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ইমরান খান ও বুশরা বিবি। দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইমরান খানকে একাকী বন্দী রাখার অভিযোগে তার বোন আলিমা খান আদালতে আবেদন করেন। অন্যদিকে বুশরা বিবিকে নিয়ে পৃথক আবেদন করেন তার মেয়ে মুবাশারা খাওয়ার মানেকা।
আদালত ইমরানের পরিবারের সদস্যদের তার সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়ার পাশাপাশি দুই ছেলের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করতে বলেছেন। তাকে প্রতিদিন সংবাদপত্র ও বই সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়েছে।
এসব নির্দেশ বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে হবে আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টকে।
৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) শুরু থেকেই এসব মামলায় দেওয়া সাজাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। ইমরানের পরিবার ও সমর্থকেরাও তার সঙ্গে সাক্ষাৎ ও চিকিৎসার সুযোগ সীমিত করার অভিযোগ করে আসছেন। তবে পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।
ইমরানের চিকিৎসা নিয়েও বিরোধ
ইমরান খানকে হাসপাতালে নেওয়া নিয়েও সম্প্রতি তার পরিবার ও পাকিস্তান সরকারের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
গত মাসে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তবে ২০ ও ২১ আগস্টের মধ্যবর্তী রাতে তাকে সেখানে না নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরানের পরিবারের অভিযোগ, তাকে পিআইএমএসে নেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশের লঙ্ঘন। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ।
এ ঘটনায় আদালত অবমাননার আবেদনের শুনানি আগামী ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে। একই বেঞ্চে ইমরানের স্বাস্থ্য ও পরিবারের সদস্যদের সঙ্গে তার সাক্ষাতের সুযোগসংক্রান্ত মামলারও শুনানি হবে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন
Posted ৫:২৬ পূর্বাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah