অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 181 বার পঠিত
ছবি সংগৃহীত
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) ২৬তম শীর্ষ সম্মেলনে তোলা একটি দলগত ছবি সম্পাদনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ কয়েকজন বিশ্বনেতাকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়ের বিরুদ্ধে। সম্পাদিত ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর কূটনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত সম্মেলনে অধিবেশন শুরুর আগে সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর নেতারা নিয়ম অনুযায়ী একটি দলগত ছবিতে অংশ নেন।
শাহবাজ শরিফের কার্যালয় থেকে প্রকাশিত ছবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে মাঝখানে দেখা যায়। তাঁর আশপাশে চীন, রাশিয়া, কিরগিজস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের রাখা হয়েছে। তবে ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও কয়েকজন নেতাকে দেখা যায়নি।
পরে মোদি একই অনুষ্ঠানের মূল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মূল ছবিতে দেখা যায়, শাহবাজ শরিফ ডান দিক থেকে চতুর্থ স্থানে দাঁড়িয়ে ছিলেন। তাঁর দুই পাশে মোদিসহ আরও পাঁচজন বিশ্বনেতা ছিলেন। অভিযোগ রয়েছে, প্রকাশিত ছবিতে ক্রপ করে তাদের বাদ দেওয়া হয়েছে।
আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিশকেকে অনুষ্ঠিত এবারের এসসিও সম্মেলনে ১০টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি ১৫টি অংশীদার ও দুটি পর্যবেক্ষক দেশ অংশ নেয়।
সূত্র: এনডিটিভি
Posted ১২:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah