সঞ্জীব ভট্টাচার্য্য : | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি আহাম্মদ আলী সোহানকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বৃহস্পতিবার গভীর রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আহাম্মদ আলী সোহান নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের মৃত মনু মিয়ার ছেলে।
শুক্রবার দুপুরে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো র্যাব-৯-এর সিলেট অফিসের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ জুলাই সকাল ৬টার দিকে ভুক্তভোগী শিশু ঘুম থেকে উঠে মক্তবে যাওয়ার জন্য প্রতিবেশী এক মেয়েকে ডাকতে যায়। এ সময় আহাম্মদ আলী সোহান তাকে টাকার প্রলোভন দেখিয়ে কৌশলে বাড়ির ছাদে নিয়ে যায় এবং ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা ২৮ জুলাই নাসিরনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলাটির নম্বর ২৩।
মামলা দায়েরের পর র্যাব-৯ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার রাতে বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের একটি ফিলিং স্টেশনের সামনে থেকে আহাম্মদ আলী সোহানকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তার আসামিকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১১:১৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah