আরিফুর রহমান | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 156 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ধর্মীয় সম্প্রীতির চমৎকার সহাবস্থান সেই কবে থেকে তা বোধ করি অনেকটাই জানা অজানার মাঝেই রয়ে গেছে। কারণ সুদীর্ঘকাল থেকেই এই জেলায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একসাথে বসবাস করছে বিভিন্ন ধর্মের মানুষ।
বিশেষত শুক্রবার দুপুরে মহাদেবপট্টি থেকে জিলাপী কিনে এনে জুমার নামাজ শেষে আমরা তাবারুক হিসেবে সেই জিলাপী দিচ্ছি ও নিচ্ছি।
বাজারে মুদি মনোহরী থেকে ধরে বেশিরভাগ ব্যবসায়ী বন্ধুরাও কোন ধর্মের সেই জাতপাত বিচার করার প্রয়োজন বোধ করি না আমরা। মানুষ- শব্দটা সামনে ঠেলে ধরে এক হুকোয় তামাক টানে হিন্দু-মুসলিম। এরপর আর ধর্মীয় সম্প্রীতির বিষয়ে উৎকৃষ্ট কোনো উদাহরণ হয়তো দেবার প্রয়োজন এবং তাগিদ বোধ করছি না।
ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রদায়ের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে আন্ত:ধর্মীয় উদ্যোগ গ্রহনের অঙ্গীকার করা হয়েছে। এক সংবাদ থেকে জানা যায়, শনিবার সকালে স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত ‘ধর্মীয় নেতাদের মধ্যে আন্ত:ধর্মীয় -সম্প্রীতি’ বিষয়ক এক সেমিনারে এ অঙ্গীকার করা হয়। বেসরকারি একটি সংস্থা এই সেমিনারের আয়োজন করে। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় একটি অঙ্গীকার নামায় তারা স্বাক্ষর করেন। সেমিনারে জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুরো জেলাব্যাপী এ ধরণের আয়োজন করা হয়। সেমিনারে ইসলামিক ফাউন্ডেশন, জাতীয় ইমাম পরিষদ, মডেল মসজিদের ইমাম, ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় ও ব্রাহ্মণ সংসদ ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া ব্যাপিস্ট চার্চের প্রাক্তন উপস্থিত থাকার কথা জানানো হয়।
এই যে সর্বধর্মের মানুষের এক মিলনমেলা। মানুষে মানুষের এক মেলবন্ধন। এটাই আমাদের সত্যিকারের মানুষ হিসেবে পরিচয়। এই পরিচয় গর্বের। এই পরিচয় মাথা উঁচু করে দাঁড়াবার। এই পরিচয় আমাদের আত্ম অহঙ্কারের। কারণ আমি যেই ধর্মের অনুসারী হই না কেনো, সবার আগে আমার পরিচয় আমি- মানুষ।
Posted ২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah