মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও পেল না ঈসাদ, পথে গেল প্রাণ

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   136 বার পঠিত

পর্যাপ্ত অ্যান্টিভেনম থাকলেও পেল না ঈসাদ, পথে গেল প্রাণ

বিষধর সাপে দংশন করেছিল বাকপ্রতিবন্ধী স্কুলপড়ুয়া এক শিশুকে। দ্রুত তাকে নিয়ে যাওয়া হয় কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তবে সেখানে তাকে অ্যান্টিভেনম না দিয়ে পাঠিয়ে দেওয়া হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। পথে মৃত্যু হয় ১০ বছরের শিশু ঈসাদ ভূঁইয়ার।

ঈসাদ কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারুপ গ্রামের মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী আমিন ভূঁইয়ার ছেলে। গত রোববার বাড়ির কাছে খেলাধুলা করার সময় বিষধর সাপে দংশন করে তাকে। সে কিছুটা বাকপ্রতিবন্ধী হওয়ায় বাড়িতে কিছু বলতে পারছিল না। তার চিৎকার ও কান্নাকাটির এক পর্যায়ে বাড়ির লোকজন পায়ে ক্ষত পান।

দুটি দাগ দেখে পরিবারের সদস্যরা বুঝতে পারেন, তাকে সাপে দংশন করেছে। তারা জানান, বেলা ২টার দিকে তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে জরুরি বিভাগে দায়িত্বে থাকা কর্মীরা জানান, অ্যান্টিভেনম নেই। তারা চিকিৎসা না দিয়ে ও রেজিস্ট্রার খাতায় নাম না লিখে কুমিল্লায় যেতে বলেন। এ সময় কসবার ওষুধের দোকানেও অ্যান্টিভেনম পাওয়া যায়নি।

সোমবার পানিয়ারুপ গিয়ে দেখা যায়, ঈসাদ ভূঁইয়ার বাড়িতে চলছে শোকের মাতম। মা-বাবা দু’জনই প্রতিবন্ধী।

ফুপু সেলিনা আক্তার বলেন, ‘আমাদের বংশে একমাত্র ছেলে সন্তান ঈসাদ। দুপুরে তাকে নিয়ে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে তারা কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়। ক্লিনিক থেকে মাত্র ১ মিনিটের দূরত্বে স্বাস্থ্য কমপ্লেক্স।’

সেলিনা আক্তার আরো বলেন, ‘সেখানে নেওয়ার পর কর্তব্যরত লোকজন আমাদের জানান, তাদের কাছে সাপে দংশনের ওষুধ অ্যান্টিভেনম নেই। আমরা তাদের পরামর্শে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। পথে ঈসাদ দুইবার বমি করে। কসবা থেকে কুমিল্লায় যেতে দুই ঘণ্টা সময় লাগে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ঈসাদকে মৃত ঘোষণা করেন।’

একই ধরনের তথ্য জানান শিশুটির প্রতিবেশী পানিয়ারুপ গ্রামের মো. পলাশ মিয়া। তিনি জানান, বিষধর সাপের দংশনে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিকিৎসক। তিনি বলেন, শিশুটির বাবা আমিন ভূঁইয়া (৪০) মানসিক ও বুদ্ধিপ্রতিবন্ধী। ঈসাদও কিছুটা বাকপ্রতিবন্ধী ছিল।

বিকেলে কসবা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জরুরি বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার প্রণব কান্তি রায়, নার্স মিজানুর রহমান ও কর্মচারী মো. শাহীনকে পাওয়া যায়। শিশুটির বিষয়ে জানতে চাইলে শাহীন বলেন, ‘আমাদের এখানে সাপের দংশনের কেউ আসেনি।’ তিনি কোন পদে চাকরি করেন জানতে চাইলে কোনো কথা বলেননি। পরে জানা যায়, তিনি নৈশপ্রহরী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম আছে। একই কথা বলেছেন ঘটনার দিন দায়িত্বে থাকা ডা. আকিব ইকরাম। তাঁর ভাষ্য, ঘটনার সময় তিনি দুপুরের খাবার খেতে বাসায় ছিলেন। জরুরি বিভাগ থেকে বিষধর সাপে দংশনের রোগী এসেছে কিনা, তাঁকে জানানো হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া বলেন, কসবা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কারও অবহেলা ও দায়িত্বহীনতায় যদি সাপে কাটা শিশু ঈসাদের মৃত্যু হয় এবং তদন্তে তা প্রমাণ হয়, তবে কেউ রক্ষা পাবে না। তাদের শাস্তি পেতে হবে।

Facebook Comments Box

Posted ৮:৪২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া