সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অবসরপ্রাপ্ত অসুস্থ সেনা সদস্য অব. সার্জেন্ট মো. শহিদুল্লাহর খোঁজখবর নিলেন উপজেলা অবসরপ্রাপ্ত সম্মিলিত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ। আজ ৩০ আগস্ট শনিবার বিকেলে সরাইল উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ফয়জুল কবির শামীমের বাবার বাড়িতে গিয়ে তারা তার সাথে সাক্ষাৎ করেন এবং দ্রুত সুস্থতা কামনা করেছেন।
এ সময় সংগঠনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার কাজী আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট আব্দুল আজিজ, সিনিয়র সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ জালাল উদ্দীন, সহ-সভাপতি সার্জেন্ট সাজ্জাদুল হক, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট জিতু মিয়া, কোষাধ্যক্ষ সৈয়দ মোস্তফা নোমান, সদস্য সার্জেন্ট শহিদ উল্লাহ, নুর মোহাম্মদ, আব্দুর সাত্তার, মোহাম্মদ শওকত আলী শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
অবসরপ্রাপ্ত সার্জেন্ট শহিদুল্লাহ ১৯৭১ সালে পাকিস্তানে কারাবন্দি নির্যাতিত একজন সেনা সদস্য ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষদর্শী এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৪৭ সালের দেশভাগের সময় থেকেই তিনি স্বাধীনতার পক্ষে অবস্থান নেন। পরবর্তীতে ১৯৫২ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে পশ্চিম পাকিস্তানে কর্মরত ছিলেন।
মুক্তিযুদ্ধ শুরুর পর পাক হানাদার বাহিনী তাকে পশ্চিম পাকিস্তানে বন্দি করে অমানবিক নির্যাতন চালায়। বহু সেনা তখন প্রাণ হারালেও তিনি অলৌকিকভাবে বেঁচে যান। ১৯৭৪ সালে জাতিসংঘের বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফিরে আসেন তিনি।
বর্তমানে ১০৪ বছর বয়সী এই প্রবীণ সেনা সদস্য দুঃখ প্রকাশ করে বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে নির্যাতন ভোগ করার পরও আমরা কোনো রাষ্ট্রীয় সম্মাননা পাইনি। তিনি সরকারের কাছে তাদের মতো প্রবীণ সেনাদের সম্মাননা প্রদানের আকুতি জানান।
তার সুস্থতা কামনায় সরাইল উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুখলেছুর রহমান মোল্লা ও কার্যকরী সদস্য রিমন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | শনিবার, ৩০ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah