জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 114 বার পঠিত
গাজীপুরের নবাগত জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, তিনি কোনো তদবির বা ব্যক্তিগত উদ্যোগে নয়, মানুষের সেবার উদ্দেশ্যেই গাজীপুরে দায়িত্ব পালন করতে এসেছেন। এ সময় তিনি সকলকে অবৈধ তদবির ও অযাচিত দেনদরবার থেকে বিরত থাকার আহ্বান জানান।
বুধবার (২৫ মার্চ) বিকেলে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাকে গাজীপুরে পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য। আমি নিজে থেকে আসিনি। তাই কেউ আমার কাছে কোনো অবৈধ তদবির করবেন না—এটাই আমার অনুরোধ।”
তিনি আরও বলেন, যেকোনো কাজ করার আগে তিনটি বিষয় বিবেচনায় রাখা জরুরি। প্রথমত, কাজটি সামাজিকভাবে গ্রহণযোগ্য কি না; দ্বিতীয়ত, তা অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হচ্ছে কি না; এবং তৃতীয়ত, পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলছে কি না।
নূরুল করিম ভূঁইয়া বলেন, “আমি কোনো ফুলের মালা চাই না, কাজের মাধ্যমেই মানুষের ভালোবাসা পেতে চাই। মানুষ তার কর্মের মাধ্যমেই বেঁচে থাকে। গাজীপুরবাসীর সেবা করাই আমার লক্ষ্য। জেলার উন্নয়ন ও অগ্রগতি সাধনে আমি কাজ করতে চাই।”
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি নাসির আহমেদ, মাজহারুল ইসলাম মাসুম, মো. মুজিবুর রহমান, মোস্তাফিজুর রহমান টিটু, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এবং সাংবাদিক রেজাউল বারী বাবুলসহ অন্যান্যরা।
Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ২৫ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah