নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 135 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার তন্তুর এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। আজ ২৭ এপ্রিল রোববার দুপুরে গণমাধ্যমকে পুলিশের দেয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে শনিবার রাত পোনে ২টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর ব্রিজ এলাকায় ডাকাত বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি ছুরি, একটি চাইনিজ কুড়াল ও একটি হাতুরীসহ ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে মো: ফাহাদ (৩২) ও রাফিকুল (২৮) নামে দুই ডাকাতকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাত মো: ফাহাদ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আহরন্দ গ্রামের হাসান আলীর পুত্র ও রাফিকুল আখাউড়া উপজেলার ভাটামাতা গ্রামের সাইদ মিয়ার পুত্র।
পুলিশ আরো জানায়, ১২/১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রসহ সড়ক পথে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অস্ত্রসহ দুইজনকে পুলিশ গ্রেফতার করলেও বাকীরা পালিয়ে যেতে সক্ষম হয়। আজ দুপুরে গ্রেফতারকৃত দুই ডাকাত সদস্যকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা হয়েছে থানায়।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন জানান, ডাকাতসহ অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। যারা পালিয়েছে তাদের গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত বলেও তিনি জানান।
Posted ৩:২৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah