সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 128 বার পঠিত
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আবুবকর সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম পরিলক্ষিত হচ্ছে। এসব বিষয়ে ইউএনওর দৃষ্টি আকর্ষণ করে করণীয় জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক ও অসহযোগিতামূলক আচরণ করেন বলে অভিযোগে দাবি করা হয়।
এর আগেও বিএনপি দলীয় জোট প্রার্থীর বিভিন্ন অনিয়ম ও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে একাধিকবার ইউএনওকে অবহিত করা হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
বিএনপি থেকে বহিষ্কৃত এই নেত্রী আরও বলেন, ইউএনওর পক্ষপাতমূলক আচরণের কারণে সরাইল উপজেলায় সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ইউএনওর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ রয়েছে উল্লেখ করে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের কালী শিমুল গ্রামে আয়োজিত এক নির্বাচনী জনসভায় রুমিন ফারহানা প্রশাসনের উদ্দেশে বলেন, ‘এই সরকার নিরপেক্ষ ও নির্দলীয়। এ সরকারের সময় পুলিশ ও প্রশাসনকে বলব-আপনারা নিরপেক্ষ থাকুন, কোনো দল বা প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব করবেন না। আমরা অতীতের পুনরাবৃত্তি দেখতে চাই না।’
তিনি আরো বলেন, প্রশাসনকে জনবান্ধব আচরণ করতে হবে। আমলা মানেই রাজা নন। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়। তাই আইন অনুযায়ী মানুষের সমস্যা সমাধান করা আপনাদের দায়িত্ব। মানুষের রায়ের বিরুদ্ধে গেলে কিংবা মানুষের প্রতিনিধিকে অন্যায়ভাবে সরানোর চেষ্টা করলে এর জবাব মানুষই দেবে।
Posted ৫:২১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah