সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 164 বার পঠিত
কসবা উপজেলায় সম্প্রতি এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ উঠেছে। সরবরাহ কম-এমন অজুহাতে ১২ কেজির একটি এলপিজি গ্যাস সিলিন্ডার ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হচ্ছিল, যা সাধারণ ভোক্তাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।
এ পরিস্থিতিতে জনদুর্ভোগ লাঘবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা প্রশাসন বাজারে একাধিক অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় কসবা বাজারের সকল এলপিজি গ্যাস ব্যবসায়ীদের নিয়ে এক জরুরি বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সামিউল ইসলাম মতবিনিময়কালে তিনি বলেন এলপিজি গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। কেউ কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় সরকার নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ১ হাজার ৪০০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়। নির্ধারিত মূল্যের বাইরে বিক্রি করা হলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন উপজেলা নির্বাহী অফিসার।
বৈঠকে উপস্থিত সকল এলপিজি গ্যাস ব্যবসায়ী উপজেলা প্রশাসনের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন এবং নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির আশ্বাস দেন।
জরুরি এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির, কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা,সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
কসবা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে এলাকার সচেতন মহল স্বাগত জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের কঠোর নজরদারির ফলে এলপিজি গ্যাসের বাজার স্থিতিশীল হবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে আসবে।
Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah