জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২৫ জুন ২০২৫ | প্রিন্ট | 152 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ধরপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে ভাসুরের ছেলের ছুরিকাঘাতে চাচি নিহত হয়েছেন। এ সময় আরো দু’জন আহত হন। হতাহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত নার্গিস আক্তার কাপাসিয়া উপজেলার ধরপাড়া গ্রামের আওলাদ হোসেনের স্ত্রী।
আজ ২৫ জুন বুধবার সকাল সাড়ে ৮টায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নার্গিস আক্তারের ভাসুরের ছেলে অভিযুক্ত নাজমুল হোসেনের মেয়ে মাদরাসায় পড়েন। গতকাল সে ভুক্তভোগী নার্গিসের বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় মেয়েকে নার্গিসের বাড়িতে আটকিয়ে রাখা হয়েছে এমন অভিযোগ করে চাচি নার্গিসের সাথে ঝগড়া ও বাক বিতণ্ডা হয় নাজমুলের। এ ঘটনায় সকালে পারিবারিকভাবে সালিশ বৈঠক ডাকা হয়। সালিশ চলাকালে অভিযুক্ত নাজমুল তার চাচি নার্গিসের বুকে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় তাদের ছাড়াতে গিয়ে ধ্বস্তাধস্তিতে আরো দু’জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, পারিবারিক কলহের জেরে ভাসুরের ছেলের ছুরিকাঘাতে চাচি নার্গিসের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নাজমুল পলাতক রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরসহ অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah