জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 6 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে কাভার্ডভ্যানের চাপায় তানভীর ইসলাম আরিয়ান (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আনসার রোড এলাকায় কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিয়ান দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বালুবাড়ি এলাকার পোশাক শ্রমিক স্বজল ইসলামের ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে স্থানীয় রফিকুল ইসলামের বাসায় থেকে কেওয়া পূর্বখণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
নিহতের বাবা স্বজল ইসলাম জানান, সকালে স্কুলে যাওয়ার পর ছুটি শেষে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিল আরিয়ান। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ডভ্যান হঠাৎ পিছনের দিকে চাপ দিলে পাশের সিমেন্টের সীমানা পিলার ও গাড়ির মাঝখানে চাপা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান বলেন, ছুটি শেষে রাস্তা পার হওয়ার সময় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটি ঘোরাতে গিয়ে পিছনের দিকে চাপ দিলে সীমানা পিলারের সঙ্গে চাপা পড়ে আরিয়ানের মৃত্যু হয়।
শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৫:০১ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah