জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 96 বার পঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ৫০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন।
গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—চরপাকুন্দিয়া গ্রামের সাবেক কাউন্সিলর স্বপন মিয়া (৫০), চরটেকী গ্রামের হারুন অর রশীদ (৫৫), মধ্য পাকুন্দিয়ার আকিব আলম (১৫), ঘাগড়া গ্রামের আফরা (২০), বীরপাকুন্দিয়া গ্রামের সুমিত (১৮) ও লাবণ্য (১৫), শিমুলিয়া গ্রামের ইমরান (২২), নারান্দী গ্রামের আসমা (৩২), মানছু মিয়া (৪০) ও মোনতাজ উদ্দিন (৭০), মঙ্গলবাড়ীয়া গ্রামের ইকবাল (৪০), লোকমান (৭০) ও তানভীর (২৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরপাকুন্দিয়া, বীরপাকুন্দিয়া, মধ্যপাকুন্দিয়া, হাপানিয়া, মঙ্গলবাড়ীয়া, সৈয়দগাঁও, শ্রীরামদী, নারান্দী, ঘাগড়া, হোসেন্দী, পাটুয়াভাঙ্গা ও শিমুলিয়া গ্রামে একটি লাল রঙের পাগলা কুকুর বেপরোয়া আচরণ করে ঘুরে বেড়াচ্ছে। সামনে যাকে পাচ্ছে তাকেই কামড়াচ্ছে। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই তাণ্ডবে অর্ধশত মানুষ আহত হন।
পাকুন্দিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, বিকেল ৫টার দিকে প্রথম একজন চিকিৎসা নিতে আসেন। সন্ধ্যার পর থেকে রোগীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। রাত ৯টা পর্যন্ত অন্তত ৪০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। গুরুতর ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস বলেন, পাগলা কুকুরের বিষয়টি নিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ও থানা পুলিশের সঙ্গে সমন্বয় করা হয়েছে। এলাকায় টহল জোরদার করা হয়েছে এবং মসজিদে মাইকিং করে জনসাধারণকে সতর্ক করা হচ্ছে।
Posted ৫:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah