নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 170 বার পঠিত
গাজীপুরের জয়দেবপুর থানাধীন বিকে বাড়ি এলাকায় চিহ্নিত সন্ত্রাসীরা কিশোর গ্যাং ব্যবহার করে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এলাকায় আতঙ্কের রাজত্ব কায়েম করে রেখেছে জাহাঙ্গীর শিকদার ও রাশেদ মেম্বার নামের দুই সন্ত্রাসী। সোমবার সকালেও তাদের সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত থাকায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা চরম আতঙ্কে দিনাতিপাত করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর শিকদার ও রাশেদ মেম্বার ‘পেটুয়া বাহিনী’ নামে একটি কিশোর গ্যাং তৈরি করে রেখেছে। বিভিন্ন গার্মেন্টস থেকে যারা পণ্য সংগ্রহ করতে আসেন, তাদের কাছ থেকে এই গ্যাং চাঁদা দাবি করে। চাঁদা দিতে ব্যর্থ হলে তাদের মারধর করা হয়।
এলাকাবাসী জানান, এই এলাকায় মাদক বিক্রেতা ও মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা কিশোর গ্যাং দিয়ে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করে রাখে। জাহাঙ্গীর শিকদার এতটাই ভয়ংকর যে তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণসহ একাধিক মামলা গাজীপুর আদালতে চলমান রয়েছে। এর ফলে এখানে যারা ব্যবসা করতে আসেন তারা ক্রমাগত ঝামেলায় পড়েন।
এলাকার ওয়াশিম শিকদার ও বাবু মেম্বার মিলে যারা তাদের প্রতিরোধ করতে যান, তাদের ছুরি ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করে। কারণ তারা ঘটনার প্রতিবাদ করতে গিয়েছিলেন। এছাড়া তাদের ফোন করে হুমকি দিয়ে বলা হয় মিথ্যা মামলা দেওয়া হবে।
এলাকাবাসী ও ব্যবসায়ীরা জানান, এসব ঘটনা নিয়ে তারা ভীত ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। প্রশাসনের কাছে তারা বারবার অভিযোগ করলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
স্থানীয় ব্যবসায়ীরা দাবি জানিয়েছেন, জাহাঙ্গীর শিকদার, রাশেদ মেম্বার ও তাদের সহযোগীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গাজীপুরে সম্প্রতি কিশোর গ্যাং দিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী ও ব্যবসায়ীরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।
Posted ৬:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah