জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 182 বার পঠিত
গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণাকালে টঙ্গীতে গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় নেতাকর্মীসহ অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেলে টঙ্গী মাজার বস্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গাজীপুর-২ আসনের নির্বাচনী প্রচারণার সমাপনী কর্মসূচিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থক টঙ্গী এলাকায় জড়ো হন। কর্মসূচিকে বর্ণাঢ্য করতে গ্যাস বেলুন ফোলানোর প্রস্তুতির সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং আশপাশে থাকা শ্রমিক, নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাফিসা শারমিন জানান, দগ্ধদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মোহা. ইসরাইল হাওলাদার জানান, গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ থেকেই দুর্ঘটনাটি ঘটে। তবে এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Posted ৫:৪০ অপরাহ্ণ | সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah