জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 92 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় চুরি হওয়া বিপুল পরিমাণ কম্পিউটার সরঞ্জাম উদ্ধার করেছে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট। এ ঘটনায় ফ্যাক্টরির কর্মচারী রিয়াদুল ইসলাম সিয়াম (১৯) কে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রিয়াদুল নরসিংদীর রায়পুরা উপজেলার রতনপুর গ্রামের বাসিন্দা ওসমান গণির ছেলে।
সিআইডি জানায়, গত ১৪ মার্চ রাত ১০টা থেকে ১৫ মার্চ ভোর ৬টার মধ্যে চোরচক্র সিসি ক্যামেরার এনভিআর রেকর্ডিং সিস্টেম বন্ধ করে ফ্যাক্টরির স্যাম্পল সেকশন থেকে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ, মনিটরসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর ফ্যাক্টরি কর্তৃপক্ষ কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি সিআইডিকে জানানো হয়। পরে সিআইডি গাজীপুরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন ও ছায়া তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে রিয়াদুলের সম্পৃক্ততা নিশ্চিত হয়।
পরবর্তীতে ২ এপ্রিল রাতে সিআইডি অভিযান চালিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভাড়া বাসা এবং ঘটনাস্থলের পাশের জরুরি সিঁড়ির সানশেড থেকে চুরি হওয়া সরঞ্জাম উদ্ধার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াদুল স্বীকার করেছে, সে অনলাইনের মাধ্যমে চুরি করা কিছু সরঞ্জাম বিক্রি করেছে। তার কাছ থেকে বিক্রির ২২ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির আইডি ও ক্রেডিট কার্ড হ্যাক করে অর্থ আত্মসাৎ করার কথাও সে স্বীকার করেছে। তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৬টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে।
সিআইডি গাজীপুরের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ সাহেদ মিয়া জানান, এ ঘটনায় কালিয়াকৈর থানায় মামলা রুজু হয়েছে এবং মামলাটি বর্তমানে সিআইডির গাজীপুর জেলা ও মেট্রো ইউনিট তদন্ত করছে।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah