জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 72 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী স্কুলছাত্র নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)। নওশের স্থানীয় লিটন অ্যাঞ্জেলস সেমিনারি স্কুল থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন এবং মিহাদ একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি নম্বরবিহীন মোটরসাইকেলে করে দুই কিশোর এশিয়ান হাইওয়ে দিয়ে আসছিল। তারা গলান দর্জিবাড়ি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের সদস্যরা হাসপাতালে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা সাংবাদিকদের জানান, ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Posted ৫:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah