জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট | 94 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ। এ লক্ষ্যে নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কর্মসূচি শুরু করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেলে কাশিমপুর বাজার এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।
উদ্বোধনী অনুষ্ঠানে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এ সময় প্রশাসক কাশিমপুর বাজারে নদীর তীর ঘেঁষে ফেলা ময়লা-আবর্জনা ও নদী দূষণের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেন। তিনি বাজার কমিটি ও সংশ্লিষ্টদের নদীতে ময়লা না ফেলার আহ্বান জানান।
শওকত হোসেন সরকার বলেন, কাশিমপুর বাজারে যাতে কেউ ময়লা-আবর্জনা না ফেলে সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। যত্রতত্র ময়লা ফেলা ও নদী দূষণ রোধে প্রয়োজনে দূষণকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেল-জরিমানা করা হবে।
তিনি আরও জানান, নগরীকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তর করতে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির আওতায় ডাম্পিং স্টেশন নির্মাণ, ঢিলাই নদী ও মোগরখাল এলাকায় বৃক্ষরোপণ, ওয়াকওয়ে নির্মাণসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে নগর স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে ফগার মেশিনের মাধ্যমে এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন প্রশাসক।
Posted ৪:০৬ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah