অনলাইন ডেস্ক | রবিবার, ১৫ জুন ২০২৫ | প্রিন্ট | 112 বার পঠিত
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে পুলিশ পরিচয়দানকারী প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে একজন সাবেক পুলিশ সদস্যও রয়েছেন। ১৪ জুন শনিবার দুপুরে পূবাইলের মিরের বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পূবাইলের নারায়ণকুল এলাকার সাব্বির রহমান (২৩), সীমান্ত খান (২০), সাবেক পুলিশ সদস্য হৃদয় (২০), পূবাইলের বসুগাঁও এলাকার আনন্দ মোল্লা (২২), ফাহিম সরকার (২৪) ও হারবাইদ এলাকার শাহরিয়ার (১৯)।
পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে ১২টায় পূবাইলের মিরেরবাজার এলাকায় নিজেদের পুলিশ সদস্য পরিচয় দিয়ে গাড়ি ভাড়া করতে যান অভিযুক্তরা। বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহ হলে পূবাইল থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদের জিজ্ঞাসাবাদ করে। বিষয়টি নিশ্চিত হলে তাদের থানায় নেওয়া হয়।
এ সময় তাদের কাছ থেকে পুলিশের জ্যাকেট, ক্যাপ, দুটি ওয়াকিটকি, দুটি খেলনা পিস্তল, হাতকড়াসহ ছিনতাই ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ বিষয়ে পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা পুলিশ ও ডিবি পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি-ছিনতাইসহ নানা অপকর্ম করে থাকতে পারে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | রবিবার, ১৫ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah