জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 225 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের অবহেলার অভিযোগে লাইফ কেয়ার হসপিটালে ভাঙচুর চালিয়েছে স্বজনরা। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং হাসপাতালটি সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
রোগীর স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (৮ মার্চ) দুপুরে মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হসপিটালে শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের রুমা আক্তার নামে এক প্রসূতি সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। অপারেশনের পর তাকে অপারেশন থিয়েটারে পর্যবেক্ষণে রাখা হয়।
স্বজনদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে রুমার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না। এতে তাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। একপর্যায়ে নারী স্বজনরা জোর করে অপারেশন থিয়েটারের ভেতরে প্রবেশ করে রুমাকে মৃত অবস্থায় দেখতে পান। বিষয়টি জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ নানা ধরনের টালবাহানা করতে থাকে।
পরে স্বজনদের চাপের মুখে সোমবার (৯ মার্চ) ভোর ৫টার দিকে রুমাকে মৃত অবস্থায় উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সোমবার সকালে বিক্ষুব্ধ স্বজনরা মাওনা চৌরাস্তায় অবস্থিত লাইফ কেয়ার হসপিটালে হামলা ও ভাঙচুর চালায়। খবর পেয়ে শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটি সিলগালা করে দেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:২৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah