জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 73 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে সাইকেলের দোকান, হোটেল, মুদি দোকানসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে বাজারের একটি ফোমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে ছুটে গিয়ে নিজেরাই তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বড় ধরনের ১২টি দোকান পুড়ে গেছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
Posted ৫:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah