সোমবার ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে মাদক বেচাকেনা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   70 বার পঠিত

গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’, আড়ালে মাদক বেচাকেনা

গাজীপুরের পূবাইলে একটি রিসোর্ট পুরোপুরি ভাড়া নিয়ে ‘ডিজে পার্টি’র আয়োজনের আড়ালে মাদক সেবন ও কেনাবেচার অভিযোগ উঠেছে। খবর পেয়ে শুক্রবার রাতে ‘পূবাইল রিসোর্ট ক্লাবে’ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগের সদস্যরা। অভিযানে অনুষ্ঠান আয়োজনের সঙ্গে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ‘সনিক প্লাস’ ব্যানারে আয়োজিত ওই ডিজে পার্টিতে প্রায় ৬০০ জনের অংশ নেওয়ার কথা ছিল। তাদের বেশির ভাগই কিশোর-কিশোরী। অংশগ্রহণকারীদের মধ্যে মাদক সরবরাহ করা হবে—এমন তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এসআরবির সদস্যরা যৌথভাবে অভিযান চালান।

অভিযানে গ্রেফতার চারজন হলেন—মোহাম্মদ মনিরুজ্জামান (২৯), তুষার আহমেদ (৩২), মহিদুল ইসলাম (২৮) ও কাসফিয়া নিশাত (২৫)। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, তারা ওই ডিজে পার্টির আয়োজক এবং অংশগ্রহণকারীদের মাদক সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন। তাদের কাছ থেকে কোকেন, কুশ ও বিভিন্ন ধরনের নেশাজাতীয় বড়ি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় শনিবার গ্রেফতার চারজনকে আসামি করে জিএমপির পূবাইল থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ মাহবুবুল আলম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা গোয়েন্দা বিভাগ জানিয়েছে, সম্প্রতি ডিজে পার্টিসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজনকে মাদক সরবরাহ ও সেবনের সুযোগ হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এ ধরনের আয়োজনে অভিযান চালিয়ে উল্লেখযোগ্য পরিমাণ সিনথেটিক মাদক উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা গোয়েন্দা বিভাগের উপপরিচালক মেহেদী হাসান বলেন, প্রাথমিক অনুসন্ধানে কিছু বিনোদনমূলক পার্টি, ডিজে ইভেন্ট ও ব্যক্তিগত আয়োজনকে মাদক সরবরাহ ও সেবনের সুযোগ হিসেবে ব্যবহারের তথ্য পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব আয়োজনের প্রচার, অংশগ্রহণকারীদের সঙ্গে যোগাযোগ এবং মাদক সরবরাহের সম্ভাব্য নেটওয়ার্কের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আগেও গাজীপুরে ডিজে পার্টিতে মাদক উদ্ধার

এর আগে গত এপ্রিল মাসে গাজীপুর সদর উপজেলার নলজানি এলাকার ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টি চলাকালে অভিযান চালিয়ে দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

রাতভর ওই অভিযানে ৯টি এক্সটেসি, ৫ গ্রাম কুশ, ১৬৫ গ্রাম ক্যানাবিস চকলেট, ১০১টি বিয়ার ও তিন বোতল ভদকা জব্দ করা হয়। এ ঘটনায় জাহিদুল ইসলাম, ফয়জুল ইসলাম খান, ইফতিয়ার কাসেম, জিহাদ আহম্মেদ, রেদোয়ান হাসান চৌধুরী ও আবির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

তখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এমদাদুল ইসলাম জানিয়েছিলেন, ডিজে পার্টিতে অংশ নেওয়া তরুণ-তরুণীদের মধ্যে বিভিন্ন ধরনের মাদক সরবরাহ করা হয়েছিল। জাহিদুল আলম ওই আয়োজনের জন্য রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, টিকিট ৬ থেকে ১২ হাজার টাকা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে কিশোর-কিশোরীদের কাছে এসব পার্টির টিকিট বিক্রি করা হয়। এ ধরনের আয়োজনে অংশ নেওয়া ব্যক্তিদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গোপন গ্রুপও খোলা হয়। জনপ্রতি ৬ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত টিকিটের দাম নেওয়া হয়।

কর্মকর্তাদের ভাষ্য, অনুষ্ঠান শুরু হওয়ার পর আয়োজকদের নির্ধারিত মাদক সরবরাহকারীরা ভেতরে ঘুরে ঘুরে অংশগ্রহণকারীদের কাছে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করেন। পাশাপাশি মাদক সেবনের নানা আয়োজনও রাখা হয়।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের বড় বড় রিসোর্টে প্রতি মাসেই এ ধরনের ডিজে পার্টির আয়োজন করা হয়। একাধিক গ্রুপ এসব আয়োজনের সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

রিসোর্ট মালিকদের সতর্ক করেছে অধিদপ্তর

ডিজে পার্টির আড়ালে মাদক বিক্রির আয়োজন ঠেকাতে গাজীপুরের রিসোর্ট মালিকদের সতর্ক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটির গাজীপুরের উপপরিচালক এমদাদুল হক বলেন, এ ধরনের আয়োজনের তথ্য পাওয়ার পর গাজীপুরের সব রিসোর্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, এ ধরনের আয়োজনের জন্য রিসোর্ট ভাড়া না দিতে কর্তৃপক্ষগুলোকে বলা হয়েছে। পাশাপাশি এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৬:১২ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া