জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 91 বার পঠিত
গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় রিপন নিট ওয়্যার লিমিটেড কারখানায় বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে শ্রমিকরা দ্বিতীয় দিন ধরে কর্মবিরতি পালন করছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে শ্রমিকরা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কাজ বন্ধ রাখেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকা পরিশোধের দাবিতে বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু হয়। ওইদিন বিকেলে শ্রমিকরা কারখানা ত্যাগ করলেও বৃহস্পতিবার সকাল ৮টায় পুনরায় কাজ বন্ধ রেখে আন্দোলন চালান। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে স্টাফদের বাকবিতণ্ডা হয়।
শ্রমিকরা অভিযোগ করেছেন, প্রতিদিন রাত ১১টা-১২টা পর্যন্ত কাজ করা হয়, কিন্তু নাইট বিল ঠিকমতো দেওয়া হয় না। আসন্ন রোজার মাসেও দীর্ঘ সময় ডিউটি করতে হচ্ছে।
কারখানার প্রশাসনিক কর্মকর্তা সাদ্দাম হোসেন জানান, তিন মাসের বকেয়ার মধ্যে এক মাসের নাইট বিল পরিশোধের প্রস্তাব দেওয়া হয়েছে, যা শ্রমিকরা গ্রহণ করেননি। তিনি অভিযোগ করেন, উত্তেজিত শ্রমিকরা স্টাফদের ওপর হামলা চালালে তারা নিরাপত্তার জন্য কারখানা ত্যাগ করেন।
গাজীপুর শিল্প পুলিশ-২, কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, শ্রমিকরা এখনও কারখানার ভেতরে অবস্থান করছেন। মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য শিল্প পুলিশ ও মেট্রোপলিটন পুলিশ মোতায়েন রয়েছে।
Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah