জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 87 বার পঠিত
গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকায় ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির উদ্যোগে ৩ শতাধিক সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ইকবাল সিদ্দিকী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলার বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সোহাগ মাহমুদ, সোসাইটির সভাপতি মো. শওকত সিদ্দিকী এবং সদস্য সচিব ও প্রধান নির্বাহী হায়দার সিদ্দিকী উদয়সহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি ছিল ব্যতিক্রমধর্মী। এখানে প্রচলিত নিয়মে কেউ সরাসরি উপহার তুলে দেননি, ছিল না কোনো আনুষ্ঠানিক বক্তৃতাও। উপকারভোগীরা সারিবদ্ধভাবে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে নির্ধারিত আসনে বসেন এবং নিজেদের সামনে রাখা টেবিল থেকে সম্মানের সঙ্গে ঈদ উপহার সংগ্রহ করেন।
রাজেন্দ্রপুর ও পার্শ্ববর্তী এলাকার এসব অসহায় পরিবার ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন। দিঘলাপাড়া এলাকার আকলিমা খাতুন বলেন, “আজকে ঈদ উপহার পাইয়া খুব খুশি। আল্লাহ এই প্রতিষ্ঠানকে আরও তৌফিক দিক গরিবদের সাহায্য করার।”
গজারিপাড়া এলাকার শরিফুল ইসলাম বলেন, “আমার পরিবার নিয়ে এবার ভালোভাবে ঈদ করতে পারব। এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১ কেজি পোলাও চাল, আধা কেজি চিনি, ১ প্যাকেট সেমাই এবং একটি ব্রয়লার মুরগি দেওয়া হয়। পহেলা রমজান থেকে নিয়মিত ইফতার গ্রহণকারী পরিবারগুলোকেই এসব উপহার প্রদান করা হয়।
ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি গত সাত বছর ধরে ‘সামান্য ইফতার’ ও ‘সামান্য ঈদ উপহার’ কর্মসূচি পরিচালনা করে আসছে। প্রয়াত প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর হাত ধরে শুরু হওয়া এ উদ্যোগ বর্তমানে একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, প্রথম বছরে মাত্র ১০০ জনের জন্য এ কর্মসূচি শুরু হলেও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এর পরিধি ক্রমেই বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, প্রতি বছর ১লা রমজান থেকে ৩০তম রমজান পর্যন্ত প্রতিদিন প্রায় ২০০ জন অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করে আসছে প্রতিষ্ঠানটি।
Posted ৫:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah