জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 262 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে গাজীপুর নগর ভবনের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই নগর উন্নয়ন, সবুজায়ন ও নাগরিক সেবার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
সকালেই নগর ভবনে পৌঁছালে সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সোহেল হাসান ফুল দিয়ে নতুন প্রশাসককে বরণ করে নেন। এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে নগর ভবনের সামনে একটি গাছের চারা রোপণ করেন শওকত সরকার। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা তাকে শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শওকত হোসেন সরকার বলেন, গাজীপুরকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হবে। অবহেলিত এলাকাগুলোতে সড়ক ও অবকাঠামো উন্নয়ন এবং মশক নিধনে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, নাগরিকরা যেন দ্রুত ও সহজে সেবা পান, সে বিষয়ে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আগামী বর্ষা মৌসুমের মধ্যে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বিপ্লব’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি অবহেলিত এলাকায় সড়ক নির্মাণ ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে।
নতুন প্রশাসককে স্বাগত জানাতে নগর ভবনে স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের ভিড় দেখা যায়। এ সময় তারা গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান।
গাজীপুর সিটির প্রশাসক হিসেবে নিয়োগের আগে শওকত হোসেন সরকার কাশিমপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
উল্লেখ্য, ২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান। পরে সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে অপসারণ করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেওয়া হয়।
Posted ১:২৭ অপরাহ্ণ | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah