জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 117 বার পঠিত
গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু তাঁর নির্বাচনী এলাকায় নিরাপদ খাবার পানি সংকট নিরসনে এক হাজার সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ স্থাপনের আবেদন জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি মন্ত্রীর ব্যক্তিগত হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।
চিঠিতে সংসদ সদস্য জানান, তাঁর নির্বাচনী এলাকা সংসদীয় আসন-১৯৬ গাজীপুর-৩-এর অন্তর্ভুক্ত শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন, ১টি পৌরসভা এবং গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়নসহ মোট ১২টি ইউনিয়ন ও পৌরসভায় মোট জনসংখ্যা প্রায় ১২ লক্ষেরও বেশি। এই বিশাল জনগোষ্ঠীর বিপরীতে বর্তমানে চালু নলকূপের সংখ্যা মাত্র ৪ হাজার ২৯৪টি, যা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল।
সংকটের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সংসদ সদস্য ডাঃ এস. এম রফিকুল ইসলাম বাচ্চু জানান, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলা একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল। এ অঞ্চলে ছোট-বড় প্রায় চার হাজার শিল্পকারখানা রয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩০ লক্ষ মানুষ এখানে বসবাস করেন। এই বিপুল জনসংখ্যা ও শিল্পকারখানার কারণে প্রতিদিন ব্যাপক হারে ভূগর্ভস্থ পানি উত্তোলন হচ্ছে। ফলে প্রতি বছর পানির স্তর চার থেকে পাঁচ ফুট করে নিচে নেমে যাচ্ছে, যা দৈনিক প্রথম আলোসহ একাধিক জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
পানির স্তর ক্রমাগত নেমে যাওয়ায় পূর্বে স্থাপিত হস্তচালিত ৬ নম্বর গভীর-অগভীর ও তারা হ্যান্ডপাম্প নলকূপগুলো দিয়ে আর পানি তোলা সম্ভব হচ্ছে না। বর্তমানে একমাত্র কার্যকর উপায় হলো সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ, কিন্তু এটি ব্যয়বহুল হওয়ায় গ্রামীণ নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের পক্ষে নিজ উদ্যোগে স্থাপন করা সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, বর্তমানে শ্রীপুর উপজেলায় নিরাপদ পানির কভারেজ মাত্র ৫১ শতাংশ।
চিঠিতে সংসদ সদস্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬ নম্বর লক্ষ্য — সকলের জন্য নিরাপদ খাবার পানি ও উন্নত স্যানিটেশন নিশ্চিত করার বিষয়টিও উল্লেখ করেন এবং সেই লক্ষ্য বাস্তবায়নে এই নলকূপ স্থাপন কর্মসূচিকে অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেন।
এলাকাবাসী আশা করছেন, সংসদ সদস্যের এই উদ্যোগ দ্রুত ফলপ্রসূ হবে এবং দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানি সংকটে ভোগা লাখ লাখ মানুষ অচিরেই এই সমস্যা থেকে মুক্তি পাবেন।
Posted ২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah