তন্বী ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 100 বার পঠিত
চট্টগ্রামের হালিশহরের একটি বাসায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের আরো একজনের মৃত্যু হয়েছে। মা ও ছেলের পর মারা গেলেন চাচা—এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। গুরুতর দগ্ধ ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে ঢাকায় নেওয়া হয়েছিল।
চট্টগ্রাম থেকে ঢাকায় আনার পথে সোমবার রাতে মারা যান ৪০ বছর বয়সী নুরজাহান আক্তার রানী। মঙ্গলবার সকাল ৭টার দিকে মারা যান তার ১৬ বছর বয়সী ছেলে শাওন। আর মঙ্গলবার বেলা ১২টার দিকে মারা যান ৪০ বছর বয়সী সামির আহমেদ—এ তথ্য জানান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক শাওন বিন রহমান।
শরীরের ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন সামির। তিনি নিহত শাওনের চাচা। দগ্ধদের মধ্যে এখনো ছয়জন চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হালিশহর এইচ ব্লকের ‘হালিমা মঞ্জিল’ নামের ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। প্রতিবেশীরা জানান, শরীরে আগুন নিয়ে একে একে বাসা থেকে বের হয়ে আসেন দগ্ধরা। সেহেরি শেষ হওয়ার আগ মুহূর্তে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ ৯ জন দগ্ধ হন।
নিহত রানী, শাওন ও সামির ছাড়া দগ্ধ অন্যরা হলেন—রানীর স্বামী সাখাওয়াত (৪৬), তার আরেক সন্তান উম্মে আইমান স্নিগ্ধা (১০), সাখাওয়াতের ছোট ভাই সামিরের স্ত্রী আশুরা আক্তার পাখি (৩০), তাদের দুই সন্তান আয়েশা (৪) ও ফারহান আহমেদ আনাছ (৬) এবং সাখাওয়াতের আরেক ভাই শিপন হোসাইন (৩১)।
চিকিৎসকদের মতে, পাখি ও সাখাওয়াতের শরীরের শতভাগ পুড়েছে। এছাড়া শিপনের ৮০ শতাংশ, আয়েশার ৪৫ শতাংশ, আইমানের ৩৮ শতাংশ এবং আনাছের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।
Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah